ভোলাহাটে জ্বালানী তেলের সংকটে দিশেহারা কৃষক, ধান ও আমের লক্ষ্যমাত্রা হুমকিতে
এম.এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একমাত্র ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় ধান ও আমের ভরা মৌসুমে চাষাবাদে মারাত্মক বিঘ্ন ঘটছে, ফলে লক্ষ্যমাত্রা ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে ভোলাহাটে ধানের ভরা মৌসুম চলছে। পাশাপাশি অর্থকরী ফসল আমের পরিচর্যাতেও প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানী তেল। কিন্তু চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় কৃষকরা সময়মতো সেচ ও পরিচর্যা করতে পারছেন না। এতে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, জ্বালানী তেল সংগ্রহের জন্য তাদের একমাত্র ভরসা “ভোলাহাট ফিলিং স্টেশন”। কিন্তু সেখানে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই চাতক পাখির মতো অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না।
এ বিষয়ে ভোলাহাট ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ আব্দুল লতিফ জানান, বর্তমানে তারা সপ্তাহে প্রায় ২৬ থেকে ২৭ হাজার লিটার তেল পাচ্ছেন। অথচ উপজেলার কৃষকদের চাহিদা পূরণে প্রয়োজন সপ্তাহে কমপক্ষে ৫০ থেকে ৫৬ হাজার লিটার তেল। ধান ও আমের মৌসুমে তেলের চাহিদা আরও বেড়ে যায়। তিনি বলেন, সপ্তাহে অন্তত ৪০ থেকে ৫০ হাজার লিটার তেল সরবরাহ করা হলে কৃষকদের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।
এ অবস্থায় ভোলাহাটের ধান ও আমচাষীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত পর্যাপ্ত জ্বালানী তেল সরবরাহ নিশ্চিত করা না হলে কৃষিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।