ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে আউশ ধান, গ্রীষ্মকালীন তিল, মুগ, পাট ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মাহমুদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাইমা তাবাসসুম শাহ, বিএমডিএ প্রকৌশলী মো. লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মো. সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা মো. নানিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোসা. নাহিদা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আজমির শেখ এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়—গ্রীষ্মকালীন মুগ (৪০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ৫ কেজি,গ্রীষ্মকালীন তিল (৫০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও বীজ ১ কেজি,আউশ ধান (৪,০০০ জন কৃষক): ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও বীজ ৫ কেজি
বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হচ্ছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।