বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাজশাহীতে সড়কে পিস্তল সদৃশ বস্তু উদ্ধার

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর অলকার মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে সড়কের ওপর একটি পিস্তল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। পথচারীদের নজরে আসার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় এক নারী প্রথমে বস্তুটি দেখেন এবং আশপাশের লোকজনকে জানান। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। শান্ত জানান, “রাস্তা পার হওয়ার সময় এক মহিলা আমাকে দেখিয়ে বললেন, পিস্তল পড়ে আছে। পরে আমি পা দিয়ে সামান্য সরালে সেটি স্পষ্টভাবে দেখতে পাই। এরপর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেই।”

খবর পেয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করেন। তিনি জানান, “উদ্ধার করা বস্তুটি দেখতে পিস্তলের মতো। তবে এটি আসল আগ্নেয়াস্ত্র কি না, তা তদন্তের পর নিশ্চিত করা যাবে। কেউ আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এমন কিছু ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ক্যাটাগরি