কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ট্রলার ও সিমেন্ট জব্দ
কুতুবদিয়া প্রতিনিধি:
দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার (১ এপ্রিল, ২০২৬) নৌবাহিনীর একটি টহল দল কুতুবদিয়ার লেমশীখালি এলাকার কাছে ভোলা খালের তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার এবং ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য অনুযায়ী, লেমশীখালি এলাকায় একটি চক্র মায়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের চেষ্টা করছিল। এই সংবাদ পেয়ে কুতুবদিয়ায় মোতায়েন নৌবাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং টহল ও নজরদারি জোরদার করে।
গতকাল রাত আনুমানিক ৩টায় লেমশীখালি এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের তীরবর্তী স্থানে ট্রলারটি নোঙর অবস্থায় শনাক্ত করা হয়। তল্লাশির পর ট্রলার থেকে ৪৯৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত ট্রলার ও সিমেন্ট পরবর্তীতে কুতুবদিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানায়, একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে।