মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট আজও বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে এসব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

এর ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) মোট ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৮-এ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিনই ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দিনে ২০টির বেশি করে ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েত রুটে দুটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।

আকাশপথে এই অচলাবস্থা অব্যাহত থাকায় যাত্রী ও সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো ভোগান্তিতে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ক্যাটাগরি