ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন উদ্যোগ
ওমরাহ পালনকারীদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিল সৌদি আরব। তাদের সফরকে আরও সহজ করতে এবার একটি সমন্বিত ইন্টারঅ্যাকটিভ গাইড বা নির্দেশিকা চালু করলো দেশটির কর্তৃপক্ষ।
পবিত্র নগরীতে সেবা প্রাপ্তি সহজ করা এবং ইবাদতের অভিজ্ঞতা উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
‘কামিং টু ওমরাহ’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় এই ডিজিটাল গাইড প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে অংশীদার হিসেবে রয়েছে গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের বিষয়াবলি দেখভাল করার জন্য সাধারণ কর্তৃপক্ষ এবং মক্কা নগর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন।
এই গাইডটি যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিধিবিধান ও পরামর্শমূলক তথ্য সরবরাহের জন্য তৈরি করা হয়েছে। একই সঙ্গে এটি ইবাদত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে নির্বিঘ্নে যাতায়াতে সহায়তা করবে।
প্ল্যাটফর্মটিতে মাওয়াকীত ও সেখানে পৌঁছানোর রুট, মক্কা ও মদিনায় যাতায়াতের পরিবহন ব্যবস্থা এবং দুই নগরীর ভেতরে চলাচলের দিকনির্দেশনাসহ পুরো সফরের একটি পূর্ণাঙ্গ রেফারেন্স দেওয়া হয়েছে।
এছাড়া আল-রওদাহ আল-শরিফা জিয়ারতের বিস্তারিত নির্দেশনা রয়েছে এতে, যার মধ্যে নুসুক অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়মও অন্তর্ভুক্ত। পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন ও আধ্যাত্মিক সমৃদ্ধিমূলক স্থানগুলোর তথ্য দেওয়া হয়েছে, যাতে সফরকালে ওমরাহ পালনকারীরা তাদের ধর্মীয় অভিজ্ঞতাকে আরও গভীর করতে পারেন।