যুক্তরাষ্ট্রের সহযোগিতায় কোস্টগার্ডের ২৪ দিনের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে কোস্টগার্ডের ১৪ জন সদস্য অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের উদ্যোগে গত ২ থেকে ২৫ নভেম্বর চট্টগ্রামের কোস্টগার্ড বেইসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার করাই ছিল এ প্রশিক্ষণের উদ্দেশ্য।
প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রে মিশনের ভারপ্রাপ্ত উপপ্রধান ট্রিশিতা মাউলা। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে এ যৌথ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্ষমতা বাড়বে।
ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্টগার্ড।