মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আরও ৮০ লাখ ইউরো সহায়তার ঘোষণা

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় আরও ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতে এই অর্থ ব্যয় করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইইউ মিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক প্যাকেজের অংশ।

এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা পরিষেবা জোরদার করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এ অতিরিক্ত অর্থায়ন ছাড়াও ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। এ পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে অর্থায়নসহ বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টাকে সমর্থন এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন।

ক্যাটাগরি