লামায় বসতবাড়িতে হামলা, মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে নারীর সংবাদ সম্মেলন
বান্দরবানের লামায় বসতবাড়িতে হামলা, দুই বোনকে মারধর, নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া, ঘর ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোর্জিনা আক্তার (২৮) নামে এক নারী। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) লামা বাজারের আরামবাগ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মোর্জিনা আক্তার। তিনি লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলিঙ্গ বিল এলাকার বাসিন্দা এবং মো. ইকবাল হোসেনের স্ত্রী।
লিখিত বক্তব্যে মোর্জিনা আক্তার জানান, লামা বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে যৌথভাবে পোলট্রি মুরগির খামার পরিচালনা করে আসছিলেন তিনি। ওই খামারের মুরগি বিক্রির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. করিম (৩২) নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
তিনি অভিযোগ করেন, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে লামা পৌরসভার কলিঙ্গ বিল এলাকায় সাইদুলের দোকানের সামনে করিমের কাছে মুরগির বকেয়া টাকা চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাঁর স্বামী প্রতিবাদ করলে তাঁকেও জুতাপেটার হুমকি দেওয়া হয়। পরে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিয়ে চলে যান ওই ব্যক্তি।
মোর্জিনার অভিযোগ, ওইদিন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে করিমসহ কয়েকজন ব্যক্তি গাছের বাটাম, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের বসতবাড়ির সামনে উপস্থিত হন। এ সময় তাঁর স্বামী ভয়ে বাড়ি থেকে সরে গেলে অভিযুক্ত ব্যক্তিরা ঘরে প্রবেশ করে তাঁর বড় বোন মোমেনা বেগম (৩৫) ও ছোট বোন রোকসানা আক্তারকে (২৩) এলোপাতাড়ি মারধর করেন।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় ঘরে থাকা মুরগি বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা এবং বড় বোনের কাছ থেকে ধার নেওয়া ৭০ হাজার টাকাসহ মোট ৩ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাঁর দুই বোনের চুল ও কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানি এবং ঘর ভাঙচুর করা হয়। যাওয়ার সময় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি রাত আনুমানিক ৩টার দিকেও পুনরায় বাড়িতে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।
পরে আহত দুই বোনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয় বলে সংবাদ সম্মেলনে জানান মোর্জিনা।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় গত ১ নভেম্বর লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা দেখতে পাননি বলে দাবি করেন তিনি। অভিযোগ তুলে না নিলে অভিযুক্তরা তাঁদের নিয়মিত হত্যার হুমকি দিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মোর্জিনা।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।