রামু রাজারকুল আজিজুল উলুমের ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন ছাত্র পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত
কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৩তম বার্ষিক সভা সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের কার্যনির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে মাদ্রাসার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার মুহতামিম ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। বিশেষ আলোচক ছিলেন পরিষদের অন্যতম উপদেষ্টা ও মাদ্রাসার উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক কাউছার।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ।
এ সময় আলোচনায় অংশ নেন মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, সংগঠনের সহসভাপতি হাফেজ ছৈয়দুল আমিন ও হাফেজ জাহেদ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছের, সহসাধারণ সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেম, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহদপ্তর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু এবং নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আত্মার বন্ধন অটুট রাখা এবং দাওয়াতে দ্বীনের বিকাশে অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী ২২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিতব্য মাদ্রাসার ৫৩তম বার্ষিক সভা সফল করতে প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, অংশগ্রহণ এবং প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বার্ষিক সভাকে সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।