রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তারা বলেন, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

ক্যাটাগরি