নজরুল বর্ষ উপলক্ষে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, সাম্যবাদী ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও মননের বিকাশ ঘটবে।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং সব প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাই শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবির জীবন ও কর্মের চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।
আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।