রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে মোছাম্মৎ সুমাইয়া (১৫) নামে এক শিক্ষার্থী। নিখোঁজের ১৩ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

নিখোঁজ সুমাইয়া উপজেলার চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল এলাকার মুনছুর আলী সিকদার পাড়ার বাসিন্দা নূর আহম্মদের মেয়ে। সে পুইছড়ী ইসলামিয়া কামিল মাদরাসায় প্রথম বর্ষে অধ্যয়নরত।

পরিবার ও সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর, রোববার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় সুমাইয়া। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় সুমাইয়ার বয়স ছিল আনুমানিক ১৫ বছর। তার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং চুল কালো ও লম্বা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমাইয়ার সন্ধান পেতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। কেউ তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে এবং নিকটস্থ থানা অথবা বাঁশখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে পেতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

ক্যাটাগরি