ইলিশে জমজমাট চাঁদপুরের মাছঘাট, নদীতে ফিরছেন জেলেরা
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। একই সঙ্গে চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। ইলিশের সরবরাহ শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকরা।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে ইলিশ আসছে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামাতে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকরা।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কম। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। তিনি বলেন, আজকে যে ইলিশ ঘাটে এসেছে, তাতে তারা খুব খুশি। এভাবে প্রতিদিন সরবরাহ থাকলে ইলিশের দাম আরও কমবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর মাছঘাটে ইলিশ বিক্রি শুরু হয়েছে। চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলার মাছঘাটে এসেছে। এখন পর্যন্ত প্রায় এক হাজার মণ ইলিশের সরবরাহ হয়েছে। সামনে সরবরাহ আরও বাড়তে পারে।
তারা বলেন, এ বছর অভিযান কতটা সফল হয়েছে, তা প্রশাসন বলতে পারবে। তবে তাদের কাছে মনে হয়েছে, অভিযান তেমন সফল হয়নি। তারপরও সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।