বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৭ পাহাড়ি পরিবার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র সাতটি পাহাড়ি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাম রতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ সহায়তা দেওয়া হয়।
দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় আয়োজিত এ উদ্যোগের আওতায় প্রতিটি পরিবারকে দুটি করে মোট ১৪টি ছাগল দেওয়া হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং বিকল্প আয়ের সুযোগ তৈরিতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে। এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য দীঘিনালা জোনের জোন কমান্ডারের প্রতি ধন্যবাদ জানান তাঁরা। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি