রাঙ্গামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযানে, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল (৩২) রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কাঠাঁলতলী এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া পাঁচটি মাদক মামলার পলাতক আসামি মো. ফারুক (৪৮)সহ ইলিয়াস রনি (২৮), নাজিম উদ্দিন (২৪), জাহেদ (২২), মোসলেম খাঁ ভূট্রো (৫৫) ও তালাশি (৩৫)কে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে মো. আবু তালেব (৩৪), মো. হাসান সুজন (৩০), মো. নিশান (৩১) ও বাঁশি চাকমা (৩৫)কে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মো. সাইদুল ইসলাম (২০)কে জিআর পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮, ৯ ও ১০ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।