ডেঙ্গু প্রতিরোধে দেওয়ান হাট মোড়ে জামায়াতের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
চট্টগ্রাম, ৫ অক্টোবর ২০২৬: ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের দেওয়ান হাট এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় দেওয়ান হাট মোড় থেকে রেললাইন পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তানভির আহমদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান, প্রশাসনিক ওয়ার্ড দায়িত্বশীল মো. ইউনুছসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মশারি বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।