পাহাড় থেকে জাতীয় দলের স্বপ্ন: বান্দরবানে শেষ হলো ‘অপরাজেয় আলো’ নারী হকি শিবির
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ের অদম্য তরুণীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে এবং তৃণমূল থেকে নতুন তারকা তৈরি করার লক্ষ্যে বান্দরবানে সম্পন্ন হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর প্রথম পর্ব। মাঠের লড়াই, কৌশলগত শিক্ষা আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্থানীয় একটি স্কুল অডিটরিয়ামে আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামল এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর মূল পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই দূরদর্শী কর্মসূচির প্রধান লক্ষ্য পাহাড়ি অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা থেকে নারী খেলোয়াড় খুঁজে বের করা। তৃণমূল প্রতিভা অন্বেষণের এই বিশাল যজ্ঞে প্রথম ধাপে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির মতো পার্বত্য তিন জেলাসহ দেশের মোট আটটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বান্দরবানের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন স্থানীয় একঝাঁক উদীয়মান তরুণী খেলোয়াড়। নিবিড় এ ক্যাম্পে অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে স্টিক হোল্ডিং, ড্রিবলিং, পাসিংয়ের মতো মৌলিক বিষয়ের পাশাপাশি আধুনিক হকি খেলার কৌশল ও মাঠের নানাবিধ নিয়মকানুন শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম। পাহাড়ি কন্যাদের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “পাহাড়ের প্রাকৃতিক শক্তিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান মেয়েরা ভবিষ্যতে জাতীয় নারী হকি দলকে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখবে। উপযুক্ত পরিচর্যা পেলে এরা কেবল জাতীয় দল নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক বান্দরবান শাখার রিলেশনশিপ অফিসার ও এসএমই ইউনিট ইনচার্জ অনুপ মহাজন। এ সময় আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নুসহ স্থানীয় বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বরা। বক্তারা পার্বত্য এলাকায় নারী হকির প্রসারে এমন সময়োপযোগী উদ্যোগের জোর প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ যোগাতে তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা। পাহাড়ের তরুণীদের এই নতুন অভিযাত্রা দেশের হকি অঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলেই আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।