রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

অপারেশন উত্তরণ’: জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশে ৫৭ বিজিবি

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রচিভুল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীনস্থ দুর্গম মদক সীমান্তে ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ভোর ৬:০০ ঘটিকায় মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের অধিবাসী থুই মা চিং মার্মা (৪২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একই সময়ে ওই এলাকায় আরও প্রায় ১০ থেকে ১৫ জন স্থানীয় বাসিন্দা ডায়রিয়ায় আক্রান্ত হন বলে খবর পাওয়া যায়।

ডায়রিয়ার প্রকোপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মদক বিওপির একটি বিশেষ টহল দল ও মেডিকেল সহকারী প্রয়োজনীয় জরুরি ওষুধ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে দ্রুত গমন করেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান শুরু করেন। এর পাশাপাশি দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা সুসংহত করতে আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে দ্রুত সমন্বয়ের মাধ্যমে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

পরবর্তীতে রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়কের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসাদল দুর্গম এলাকায় পৌঁছায়। তারা সেখানে ডায়রিয়ায় আক্রান্ত ও হতদরিদ্র পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, “অপারেশন উত্তরণ”-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের পাশে থেকে পাহাড়ী-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের পাশাপাশি বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিওপির আওতাধীন এলাকাগুলোতেও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিজিবির এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে স্থানীয় অধিবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ক্যাটাগরি