গর্জনিয়ায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী জনসচেতনতামূলক সভা
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গর্জনিয়ার থিমছড়ি বাজারে রামু থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
থিমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাজের হোসাইন ছিদ্দিকীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা ও র্যাবের (ডিএডি) আব্দুল জব্বার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম এবং সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরীর সহধর্মিণী ও চেয়ারম্যান পদপ্রার্থী শায়লা পারভীন চৌধুরী।
বক্তারা বলেন, মাদক যুবসমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান, এসআই শাহরিয়ার, এএসআই মোহাম্মদ ইউনুস, এএসআই টুটোল, রামু প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিম (হিরু) এবং ব্যাংকার জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, আনসার-ভিডিপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, অপরাধ দমনে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্জনিয়ায় মাদক, অস্ত্র ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার চিহ্নিত মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে শিক্ষা, খেলাধুলা ও নৈতিকতার পথে ফিরিয়ে আনতে মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।