মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

অবিলম্বে মজুরি কমিশন গঠন ও বাস্তবায়ন করুন : এস এম লুৎফর রহমান

পে কমিশন গঠন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে অবিলম্বে মজুরি কমিশন গঠন ও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ বাদ মাগরিব চট্টগ্রামের জামাল খানস্থ মহানগর কার্যালয়ে আয়োজিত মাসিক সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে অবিলম্বে মজুরি কমিশন গঠন করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তাই মজুরি কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। শিল্প কলকারখানা বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারকে জ্বালানি সংকট নিরসন ও শিল্পখাতের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করা ছাড়া শিল্প ও অর্থনীতির স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকদের কল্যাণে মজুরি কমিশন গঠন ও দ্রুত বাস্তবায়নসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

ক্যাটাগরি