শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬।

মেহেদী হাসান,রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি, একজন মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত একজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক কারবারের অভিযোগে মো. ইউনুছ (২৮), মিরাজ (৩৪), পিন্টু শীল (৩০) ও মো. জাহাঙ্গীর আলম (২৯) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আরিফুল ইসলাম (২৫) এবং মাদক সেবনের অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মো. শরীফ (২৯) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি