কাউখালীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
সমাজে বৈষম্য দূর ও অন্যায়ের প্রতিবাদে নজরুলের আদর্শ-চেতনা অত্যন্ত জরুরি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার কাউখালীতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন।
কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন বলেন, “কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও বিদ্রোহী কবি। তিনি মাত্র ২২ বছর বয়সে ‘বিদ্রোহী’ কবিতা লিখে বাংলা সাহিত্যে ঝড় তুলেছিলেন। তাঁর লেখায় অন্যায়, অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের কথা বলেছেন। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি মানুষ ও মানবতার জয়গান গেয়েছেন।”
তিনি আরও বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম জাগ্রত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।