বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পেকুয়ায় ওযু করতে গিয়ে পা পিছলে ইমামের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে পা পিছলে এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত ইমামের নাম নুরুল ইসলাম (৬৫)। তিনি সাতঘর পাড়ার বাসিন্দা এবং দরদরিয়াঘোনা জামে মসজিদের ইমাম ছিলেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়সুত্রে জানাগেছে, মাওলানা নুরুল ইসলাম আছরের নামাজ আদায় করতে দরদরিঘোনা জামে মসজিদ পুকুরে ওযু করতে যান। এসময় তিনি পা পিছলে গুরুতর আহত হন । পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কের কারণে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভও বিরাজ করছে।

স্থানীয়রা জানান, আছরের নামাজের প্রস্তুতি হিসেবে মসজিদে ওযু করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। কিন্তু দরদরিয়াঘোনা থেকে মুহুরীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাধ্য হয়ে আহত ইমামকে কাঁধে বহন করে অনেক দূর নিয়ে আসতে হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দরদরিয়াঘোনা-মুহুরীপাড়া সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সড়কটি চলাচল উপযোগী থাকলে আহত ইমামকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হতো এবং তাঁর জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনাও ছিল বলে মনে করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি