মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আলীকদমে প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে নারী সমাবেশ

নজরুল ইসলাম
আলীকদম (বান্দরবান), ৬ আগস্ট: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি এবং জনকল্যাণমূলক সেবাসমূহ সম্পর্কে জনগণকে সচেতন করতে বান্দরবানের আলীকদমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তথ্য অফিস, লামার উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চক্রবর্তী এবং আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আজহারুল ইসলাম।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এসব সুবিধা পেতে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। সরকারি দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সহজেই সেবা গ্রহণ করা সম্ভব।

প্রধান আলোচক সাইফুল ইসলাম রিমন বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য সংগ্রহের সময় সঠিক তথ্য প্রদান করলে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পাবেন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রেখে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, সরকারি ভাতা বা আর্থিক সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়ার পর কোনো অবস্থাতেই OTP, PIN নম্বর কিংবা পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারণা থেকে রক্ষা পেতে এসব তথ্য সম্পূর্ণ গোপন রাখার আহ্বান জানান তিনি।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারিভাবে ৫ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং আহত ব্যক্তির চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সহায়তা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর চেয়ারম্যান বরাবর নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

এছাড়া ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোক, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া এবং জন্মগত জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের সরকারি সহায়তা পেতে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করার জন্য উপস্থিত নারীদের উদ্বুদ্ধ করা হয়।

সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, প্রবাসী কার্ড, প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় সরকারি সেবা গ্রহণে দালাল ও মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে চলা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং যেকোনো অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সরকারি বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

ক্যাটাগরি