লামায় ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
জুলাই আন্দোলনের স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দাবি তুলে ধরে বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং রান-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লামা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। জাতীয় পতাকা ও সংগঠনের ব্যানার বহন করে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লামা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে লামা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বান্দরবান জেলা ইসলামী ছাত্রশিবিরের স্কুল সম্পাদক জসিম উদ্দিন। তিনি বলেন, “জুলাইয়ের এই দিনে ছাত্রশিবিরের ব্যানারে আমরা লামার ছাত্রসমাজ একত্রিত হয়েছি। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণভোটের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” এ সময় তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনাও করেন।
সমাপনী বক্তব্যে লামা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ বলেন, “সরকার জনগণের সঙ্গে গণভোট নিয়ে যে তামাশা শুরু করেছে, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলনে আহত ও নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই।পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না।” এ বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মো. ইব্রাহিম, অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামশুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে আয়োজকরা জানান, লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখা, শহীদদের স্মরণ এবং বিভিন্ন রাজনৈতিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান।