গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ৭০ কারখানায় ছুটি, ৩২টি বন্ধ ঘোষণা
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় যান। একপর্যায়ে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, ভোগড়া বাইপাস, কলম্বিয়া, সালনা ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়ক দুটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ও বিজেপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একপর্যায়ে প্রায় এক ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে কিছু সময় পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিক বিক্ষোভের ঘটনায় গাজীপুরের বিভিন্ন এলাকায় মঙ্গলবারের জন্য ৬০ থেকে ৭০টি পোশাক কারখানায় ছুটির ঘোষণা করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত প্রায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বাংলানিউজকে জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার ৬০ থেকে ৭০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকা ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।