মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

ম্যানসিটির প্রতি ‘অনুভূতি কখনও বদলাবে না’ ডি ব্রুইনার

প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে ম্যানচেস্টার সিটি শিরোপা হারানো ও আর্থিক জরিমানার শঙ্কায়। ক্লাবটির এই অবস্থা দেখে ব্যথিত সাবেক তারকা কেভিন ডি ব্রুইনা। যে ইতিহাদ স্টেডিয়ামে ট্রফিসমৃদ্ধ এক দশক কাটিয়েছেন, সেখানে ফেরার আগে আবেগ ঝরল তার কণ্ঠ থেকে।

২০২৩ সালে ট্রেবলসহ ম্যানসিটিতে ১৬টি ট্রফি জিতেছেন ডি ব্রুইনা। ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দেন নাপোলিতে। সিরি আ ক্লাবের হয়ে বেলজিয়ান তারকা আবারও সিটিতে ফিরছেন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে ডি ব্রুইনা জানালেন, ক্লাবটির প্রতি তার প্রচণ্ড ভালোবাসা এখনও রয়ে গেছে। শাস্তির কারণে সিটি তাদের ঘরোয়া শিরোপাগুলো হাতছাড়া করলেও তাদের প্রতি অনুভূতি কখনও বদলাবে না।

ডি ব্রুইনা বললেন, ‘অবশ্যই, অনেক কিছু ঘটে চলেছে। কিন্তু আমি সে ব্যাপারে কিছুই পরিবর্তন করতে পারব না। ফুটবল খেলোয়াড় হিসেবে আমি যা করেছি, তা নিয়ে আমার গর্ব হয়। সত্যি বলতে, এটাই আমার ক্লাব।’

এখনও ক্লাবের সঙ্গে সম্পর্ক রয়েছে জানালেন তিনি, ‘আমি মালিকদের ভালোবাসি। ফুটবলের বাইরেও অনেক কিছু নিয়ে আমার কথা হয়েছে। এমনকি (চেয়ারম্যান) খালদুনের (আল মুবারাক) সঙ্গেও কথা বলেছি, জানতে চেয়েছি কীভাবে ক্লাব কিনতে হয়।’
আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিটিকে অনেকে ইংলিশ ফুটবলের ‘কলঙ্ক’ আখ্যা দিয়েছে। কিন্তু ডি ব্রুইনার অনুভূতি আগের মতোই থাকবে, ‘অবশ্যই জীবনে নিয়ম নীতি আছে। কিন্তু সবাই তার সীমার মধ্যে খেলে, আর আমি সেই সাদা দাগের মধ্যেই খেলেছি। আমার মনে হয় না, একজন খেলোয়াড় হিসেবে মানুষ আমাকে কীভাবে দেখে কিংবা কীভাবে আমরা খেলেছিলাম সেটা নিয়ে তাদের ধারণা পাল্টে যাবে। কিন্তু প্রত্যেকের নিজস্ব মতামত আছে।’

চারশর বেশি ম্যাচ খেলে ১০৮ গোল করা ডি ব্রুইনা প্রতিপক্ষ দলে থাকলেও ইতিহাদ স্টেডিয়ামের দর্শকরা তাকে অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। ২০২৫ সালের মে মাসে তিনি ক্লাবের শেষ হোম ম্যাচ খেলার পর তাকে সম্মান জানাতে স্টেডিয়ামের বাইরে একটি ভাস্কর্য বানানোর ঘোষণা দেওয়া হয়েছিল।

ক্যাটাগরি