বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. একরামুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশাফুল ইসলাম।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) মো. আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম এবং শীতকালীন মৌসুমে পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষককে জমির পরিমাণ অনুযায়ী বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা দেওয়া হবে।

কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের ক্ষেত্রে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য বীজ ও সার সহায়তা পাবেন। এর মধ্যে এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। মসুর চাষের জন্য ৫ কেজি মসুর বীজ এবং খেসারি চাষের জন্য ৮ কেজি খেসারি বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ফলন বৃদ্ধিতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে রবি ও শীতকালীন ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে প্রণোদনার উপকরণ যাতে প্রকৃত উপকারভোগী কৃষকদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

ক্যাটাগরি