বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

তওবা করে আল্লাহর পথে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য: রামুতে আল্লামা আজহার মাদানী

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসার ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ সভায় দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামারা অংশ নেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী আল্লামা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর নাতি মাওলানা আজহার মাদানী বলেন, নিজের অপরাধ উপলব্ধি করে আল্লাহর কাছে তওবা করা এবং সংশোধিত জীবনে ফিরে আসা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মানুষের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নেই। আন্তরিক তওবা ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সবাইকে সচেষ্ট হতে হবে।

প্রধান অতিথি ভারতের প্রখ্যাত দাঈ ও লেখক আল্লামা শোয়াইব উল্লাহ খান মিফতাহী বলেন, জান্নাতই মুমিনের প্রকৃত ও চূড়ান্ত গন্তব্য। তাই ঈমান, নেক আমল ও উত্তম আখলাকের মাধ্যমে জীবন পরিচালনার পাশাপাশি দ্বীনি শিক্ষা ও মাদ্রাসার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। তিনি ইসলামী শিক্ষা-সংস্কৃতির বিকাশে ঐতিহ্যবাহী এ মাদ্রাসার অবদান তুলে ধরেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নিয়ামত উল্লাহর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এতে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস ও বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখেন। সভায় হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারে ফযীলত প্রদান এবং বিভিন্ন শিক্ষাবোর্ডের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এছাড়া মাদ্রাসার আর-রশিদ সাহিত্য কাফেলার উদ্যোগে প্রকাশিত দেয়ালিকাসহ সৃজনশীল কার্যক্রম অতিথিদের প্রশংসা অর্জন করে। শেষে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে বার্ষিক সভার সমাপ্তি হয়।

ক্যাটাগরি