শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে সবুজ ও সচেতন নগরী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে হবে ‘গ্রিন ক্লাব’: প্রশাসক ডা. শাহাদাত হোসেন
৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও ৪০টি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা; মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামো উন্নয়নের আশ্বাস
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, নৈতিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘গ্রিন ক্লাব’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও চ.সি.ক. মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এ উদ্যোগের আওতায় ষষ্ঠ শ্রেণি থেকে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানো এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেই গাছের পরিচর্যার দায়িত্ব দেওয়া হবে। একই সঙ্গে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও ৪০টি ফুটসাল মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক নিউমার্কেট এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ নগরীর অন্যতম পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। সত্তর ও আশির দশকে চট্টগ্রাম নিউমার্কেট দেশের অন্যতম প্রসিদ্ধ বিপণিবিতান হিসেবে পরিচিত ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসতেন। এমন ঐতিহ্যবাহী এলাকার একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, পেছনের ভবনটির অবস্থা বিবেচনায় স্থপতি ও প্রকৌশলীদের মাধ্যমে একটি পরিকল্পনা তৈরি করে তাঁর কাছে উপস্থাপন করতে হবে। প্রয়োজন অনুযায়ী পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের পাসের হার আরও বাড়িয়ে ৯৮ থেকে ৯৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি পুরস্কার না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। জীবনে হার-জিত থাকবেই, তবুও সবাইকে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা হতে হবে সুস্থ ও সুন্দর। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক মনোভাব নিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
নগরীতে খেলাধুলার পরিবেশ সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, তাঁর অঙ্গীকার অনুযায়ী চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। আগ্রাবাদের জাম্বুরি মাঠ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে আগ্রাবাদ পার্কের ভেতরে অনেকটা আড়ালে থাকা মাঠ ও পার্কটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে। পাশাপাশি ৪০টি ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, সুস্থ দেহে সুন্দর মন বাস করে। নিয়মিত হাঁটাহাঁটি, খেলাধুলা ও শরীরচর্চা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও কর্মক্ষমতা বাড়ায়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকালের নির্মল পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত উপযোগী। প্রতিদিন সকালে অন্তত এক ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রশাসক বলেন, স্কুল চলাকালীন সকাল থেকে বিকেল ৫টা-৬টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের ফুটপাত হকারমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে এ উদ্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোথাও ফুটপাত দখল হতে দেখলে সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ করতে হবে।
নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাস্তায় একটি ডাবের খোসা ফেলে রাখার কারণে সেখানে বৃষ্টির পানি জমে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। আবার একটি কলার খোসার কারণে কেউ পিছলে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হতে পারেন। সামান্য অসচেতনতা কখনো কখনো অন্যের জীবনহানির কারণও হতে পারে। তাই বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। কোনো অনিয়ম বা জনদুর্ভোগ দেখেও নীরব থাকা যাবে না।
পলিথিন, প্লাস্টিক ও ককশিটের মতো অপচনশীল বর্জ্যকে জলাবদ্ধতা ও পরিবেশদূষণের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব বর্জ্য নালা-নর্দমায় জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে। পরে নালা থেকে খাল এবং খাল হয়ে এসব বর্জ্য কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এতে আমাদের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কর্ণফুলী নদী দূষিত হচ্ছে। নদীতে পলিথিন ও বর্জ্য জমে ড্রেজিং কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। তাই নগরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে প্রশাসক বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্লাব’ গঠন করে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যায় যুক্ত করা হবে। ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী একটি গাছ লাগালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সে গাছটির পরিচর্যা করবে। গাছটির সঙ্গে শিক্ষার্থীর নাম যুক্ত থাকবে, যাতে তার মধ্যে গাছটির প্রতি দায়িত্ববোধ ও মালিকানার অনুভূতি তৈরি হয়। একটি শ্রেণিতে ২১৭ জন শিক্ষার্থী থাকলে তাদের প্রত্যেকের একটি করে গাছ লাগানোর মাধ্যমে ২১৭টি গাছের পরিচর্যার দায়িত্ব নিশ্চিত করা সম্ভব। এভাবেই শিক্ষার্থীদের হাত ধরে নগরজুড়ে সবুজায়নের সামাজিক আন্দোলন গড়ে উঠবে। এ বিষয়ে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
গাছের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষা কোনো আবেগনির্ভর বিষয় নয়, এটি বিজ্ঞানসম্মত। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা এবং পরিবেশদূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।
ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, সব ধর্মই মানুষকে ভালো কাজের শিক্ষা দেয়, অন্যায় থেকে বিরত থাকতে বলে এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। শিক্ষার্থীদের মধ্যে এই নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত শিক্ষার অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও উপসচিব ড. কিসিঞ্জার চাকমা। স্বাগত বক্তব্য দেন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মো. আবুল হাশেম বক্কর, মো. জাকির হোসেন, শিক্ষানুরাগী সদস্য এইচ. এম. রাশেদ খান এবং মহিলা অভিভাবক সদস্য মোছাম্মৎ ইয়াছমিন আক্তার। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।