বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জামালখানে ২৫ অবৈধ দোকান উচ্ছেদ, জব্দ ৮ মণ সবজি-ফলমূল

চট্টগ্রাম নগরের জামালখানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় প্রায় আট মণ সবজি ও ফলমূল এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরের কোতোয়ালী থানাধীন জামালখানের সিঁড়ির গোড়া থেকে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় আট মণ পণ্য জব্দ করা হয়।

পরে সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি