বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুই দোকান ভস্মীভূত

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।

গত সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের ভাড়া দেওয়া ‘দিশারী ফার্নিচার’ নামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে। এতে দুটি দোকানের আসবাবপত্র, মালামাল ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে মুদির দোকানেই প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলেও প্রথমে কল রিসিভ না করায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এতে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিঘ্ন ঘটে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

ক্যাটাগরি