বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনোদন

লিওনার্দো ডিক্যাপ্রিও: টাইটানিকের জ্যাক থেকে হলিউডের কিংবদন্তি

একুশ শতকের শুরুর দিকে স্মার্টফোন বা কম্পিউটার বাংলাদেশে ততটা জনপ্রিয় না হলেও ইংরেজি সিনেমা দেখার প্রচলন ছিল। তখন ভিসিডি বা ডিভিডি প্লেয়ারে ডিস্ক কিনে কিংবা ভাড়া করে টেলিভিশনে সিনেমা দেখতো মানুষ। বাংলাদেশের জেনজিদের শৈশবেও হলিউডের ‘টাইটানিক’ সিনেমাটি বেশ জনপ্রিয় ছিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের বাংলা অনুবাদ করা সিডি একসময় এ দেশে ব্যাপক বিক্রি হয়েছে। হলিউডের গণ্ডি পেরিয়ে জেমস ক্যামেরনের সিনেমাটি ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের ঘরে ঘরে। এতে জ্যাক চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

১১ নভেম্বর এই অস্কারজয়ী অভিনেতার ৫২তম জন্মদিন। শৈশবের টাইটানিক সিনেমার মাধ্যমে তাকে চিনলেও এই প্রজন্মের একটা বড় অংশ এখনো তার ভক্ত। দীর্ঘ অভিনয় জীবনে তিনি টাইটানিক ছাড়াও তিনি দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, ইনসেপশন, জ্যাঙ্গো আনচেইনড, শাটার আইল্যান্ড, ওয়ান ব্যাটল আফটার এনাদারের মতো দারুণ দারুণ সব চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়দক্ষতার জন্য তিনি আটবার অস্কারের মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার জিতেছেন।

লিওনার্দো ডিক্যাপ্রিওর পুরো নাম লিওনার্দো উইলহেল্ম ডিক্যাপ্রিও। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির নামানুসারে তার নামকরণ করা হয়েছিল। তার জন্ম ১৯৭৪ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। তিনি ইরমেলিন ডিক্যাপ্রিও (জন্মসূত্রে ইন্ডেনবারকেন) ও সাবেক কমিক বইয়ের চিত্রশিল্পী জর্জ ডিক্যাপ্রিওর একমাত্র সন্তান। তার বাবা ইতালীয় ও জার্মান বংশোদ্ভূত। অন্যদিকে জার্মানিতে জন্ম নেওয়া তার মায়ের পূর্বপুরুষদের মধ্যে আছেন জার্মান, ইউক্রেনীয় ও রুশরা। তার মধ্য নাম ‘উইলহেল্ম’ ছিল নানার প্রথম নাম।

১৯৭৪ সালের নভেম্বরে লিওনার্দোর জন্মের কিছুদিন পরই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তখন তার বয়স ছিল প্রায় এক বছর। তবে বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। ছেলের জীবনে বাবা জর্জের উপস্থিতি নিশ্চিত করতে তারা পাশাপাশি দুটি বাড়িতে থাকতেন। বাড়ি দুটির মাঝে ছিল একটি অভিন্ন বাগান।

লিওনার্দো মূলত মা ইরমেলিনের কাছে বড় হয়েছেন। তিনি আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। অন্যদিকে, আন্ডারগ্রাউন্ড কমিক বইয়ের লেখক ও পরিবেশক বাবা জর্জও ছেলের সৃজনশীল প্রতিভা বিকাশে ভূমিকা রেখেছেন। অভিনয়ের অডিশনের বিষয়েও তিনি লিওনার্দোকে দিকনির্দেশনা দিতেন।

ছোটবেলায়ই লিওনার্দোর অভিনয় ও পারফর্ম করার দক্ষতা তার বাবা-মায়ের নজরে আসে। পরে তারা তাকে একজন প্রতিভা ব্যবস্থাপকের (ট্যালেন্ট এজেন্ট) সঙ্গে যুক্ত করেন। ওই ব্যবস্থাপক লিওনার্দোকে ‘লেনি উইলিয়ামস’ নামে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। এরপর বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন ও শিক্ষামূলক অনুষ্ঠানে দেখা যেতে থাকে তাকে। অর্থাৎ অভিনয়জীবনের শুরু থেকেই বাবা-মা দুজনের সমর্থন পেয়েছেন লিওনার্দো।

ধীরে ধীরে প্রযোজকদের নজরে আসেন ডিক্যাপ্রিও। রোজান (১৯৮৮) ও দ্য নিউ ল্যাসির (১৯৮৯) মতো কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তবে ১৯৯১ সালে স্বল্প বাজেটের ভৌতিক সিনেমা ক্রিটার্স থ্রি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি তার অভিনয়দক্ষতা তুলে ধরতে তেমন ভূমিকা রাখতে না পারলেও অভিনয়ের নমুনা হিসেবে কাজ করে।

এর মাধ্যমে জনপ্রিয় সিটকম গ্রোয়িং পেইনসের (১৯৮৫) নির্মাতাদের নজরে আসেন তিনি। সিরিজটিতে সিভার পরিবারের সঙ্গে থাকতে আসা এক গৃহহীন কিশোরের চরিত্রে অভিনয় করেন লিওনার্দো। গ্রোয়িং পেইনসে লিওনার্দোর অভিনয়ের সময়কাল খুব বেশি দীর্ঘ ছিল না। তিনি যোগ দেওয়ার পরের বছরই সিরিজটি বন্ধ হয়ে যায়। তবে এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। সিরিজটি শেষ হওয়ার পর তিনি এমন সব চরিত্রের জন্য অডিশন দিতে শুরু করেন; যেখানে নিজের অভিনয়দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন।

নব্বইয়ের দশকের শুরুর দিকে নানা ধরনের চরিত্রে অভিনয় করেন লিওনার্দো। ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’ (১৯৯৩) সিনেমায় মানসিক প্রতিবন্ধী এক তরুণ, ‘দ্য কুইক অ্যান্ড দ্য ডেড’-এ (১৯৯৫) তরুণ বন্দুকবাজ এবং ‘দ্য বাস্কেটবল ডায়েরিজ’-এ (১৯৯৫) মাদকাসক্ত জিম ক্যারলের চরিত্রে অভিনয় করেন তিনি। শেষের চরিত্রটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ। প্রয়াত অভিনেতা রিভার ফিনিক্সও শুরুতে এই চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন।

বৈচিত্র্যময় এসব চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন লিওনার্দো। তবে বাজ লুরম্যান পরিচালিত ‘রোমিও + জুলিয়েট’ (১৯৯৬) সিনেমায় রোমিও মন্টেগের চরিত্রে অভিনয়ের পরই তিনি ব্যাপক পরিচিতি পান। হয়ে ওঠেন বিশ্বজুড়ে পরিচিত এক চলচ্চিত্র তারকা।

এর পরের বছরই আরেক প্রেমের গল্পের সিনেমা ‘টাইটানিক’-এ (১৯৯৭) অভিনয় করেন ডিক্যাপ্রিও। সিনেমাটি তখন পর্যন্ত বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। সে সময় এটি বিশ্বের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। একই সঙ্গে তরুণ প্রজন্মের হার্টথ্রব হয়ে ওঠেন লিওনার্দো।

টাইটানিকের পর কয়েক বছর কিছুটা আড়ালে ছিলেন তিনি। এ সময়ে ‘দ্য ম্যান ইন দ্য আয়রন মাস্ক’ (১৯৯৮) ও স্বল্প বাজেটের ‘দ্য বিচ’ (২০০০) ছিল তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম। ২০০২ সালে ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’ ও ‘গ্যাংস অব নিউইয়র্ক’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও বিশ্বজুড়ে আলোচনায় আসেন লিওনার্দো। ‘গ্যাংস অব নিউইয়র্ক’ ছিল পরিচালক মার্টিন স্করসেজির সঙ্গে তার প্রথম কাজ। এরপর এই প্রখ্যাত পরিচালকের সঙ্গে আরও বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

বর্তমানে প্রতি সিনেমায় ২ কোটি ডলার (প্রায় ২৪৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার টাকা) পারিশ্রমিক পান ডিক্যাপ্রিও। বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের একজন তিনি। তবে অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি লিওনার্দো। পরিবেশ রক্ষার বিষয়েও তিনি অত্যন্ত সচেতন। বিভিন্ন পরিবেশবাদী উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত আছেন। পরিবেশ নিয়ে তার এই আগ্রহ থেকেই ‘দ্য ইলেভেন্থ আওয়ার’ নামের প্রামাণ্যচিত্রে যুক্ত হন তিনি। এতে প্রাকৃতিক পরিবেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে।

টেলিভিশন বিজ্ঞাপনে ছোটখাটো কাজ দিয়ে শুরু করে বিশ্বের অন্যতম সম্মানিত অভিনেতাদের একজন হয়ে উঠেছেন ডিক্যাপ্রিও। চলচ্চিত্রে তার ক্যারিয়ারও বেশ বৈচিত্র্যময়। প্রচলিত ধারণার বাইরে গিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ‘দ্য ডিপার্টেড’ (২০০৬), ‘শাটার আইল্যান্ড’ (২০১০) এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘ইনসেপশন’-এর (২০১০) মতো অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমায় তারকাবহুল অভিনয়শিল্পীদের মধ্যে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এখনো অভিনেতাদের নির্দিষ্ট ছাঁচে ফেলার প্রচলিত ধারণা ভেঙে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ডিক্যাপ্রিও।

২০১২ সালে ‘জ্যাঙ্গো আনচেইনড’ সিনেমায় গোঁফওয়ালা এক খলনায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১৩ সালে ‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমায় সাহিত্যের ট্র্যাজিক চরিত্র জে গ্যাটসবি এবং ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমায় জর্ডান বেলফোর্টের চরিত্রে অভিনয় করেন।

পরিবেশ ও মানবিক নানা উদ্যোগের প্রতিও গভীর আগ্রহ আছে ডিক্যাপ্রিওর। ২০১০ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় ১০ লাখ ডলার অনুদান দেন তিনি। একই বছর বন্যপ্রাণী সংরক্ষণ সমিতিকেও ১০ লাখ ডলার অনুদান দেন এই অভিনেতা।

সামনে মার্টিন স্করসেজির পরিচালনায় ‘হোয়াট হ্যাপেন্স অ্যাট নাইট’ এবং যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের জীবনী নির্ভর চলচ্চিত্র ‘রুজভেল্ট’-এ দেখা যাবে লিওনার্দোকে। রুজভেল্ট সিনেমায় প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের চরিত্রে অভিনয় করতে চলেছেন লিওনার্দো। এ ছাড়াও তার হাতে ‘দ্য ওয়াগার’ ও ‘জিম জোন্স’-এর মতো আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ আছে বর্তমানে।

শৈশবের ‘টাইটানিক’ থেকে শুরু করে ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমায় অভিনয়-প্রায় ৩৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। জনপ্রিয়তার পাশাপাশি অভিনয়ের বৈচিত্র্য ও ঝুঁকিপূর্ণ চরিত্র বেছে নেওয়ার সাহস তাকে আলাদা করেছে হলিউডের অন্য তারকাদের থেকে। পর্দার বাইরেও পরিবেশ ও মানবিক উদ্যোগে ভূমিকা রেখে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বয়স ৫২ হলেও অভিনয়ের প্রতি তার আগ্রহে ভাটা পড়েনি। আজও নতুন নতুন চরিত্রে দর্শকদের চমকে দেওয়ার অপেক্ষায় আছেন এই অস্কারজয়ী অভিনেতা।

ক্যাটাগরি