চট্টগ্রামে খেলার সময় সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে খেলার সময় খোলা সেপটিক ট্যাংকে পড়ে মো. সাইম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদেক নগর গ্রামের আত-তাকওয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইম ওই এলাকার বাসিন্দা আকতার হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের একটি ভবনের সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সাইম। একপর্যায়ে সে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মহিলা ইউপি সদস্য নাজমা আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের মুখ খোলা থাকায় শিশুটি সেটিতে পড়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।