বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ১১৭১

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন জেলা থেকে এক দিনে ১ হাজার ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় ১৩ হাজার ৯২৬টি ইয়াবা, ২৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, স্কাফ সিরাপের এক বোতল ও ৬০টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০০ জন, পূর্ববর্তী মামলায় ১৪১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৭ জন রয়েছেন।

এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৪৭ জন এবং সাজা পরোয়ানায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় ৫৮ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১০৭ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাঁদের কাছ থেকে ৫ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৪২টি মামলা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে কুমিল্লায় ২৯, চট্টগ্রামে ২৬, চাঁদপুরে ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, কক্সবাজারে ২, ফেনীতে ২, খাগড়াছড়িতে ২, নোয়াখালীতে ১ ও লক্ষ্মীপুরে ১ জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫২০ জনকে। তাঁদের মধ্যে ২৫৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৬২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ২৪৪, চট্টগ্রামে ৮৯, লক্ষ্মীপুরে ৪৭, ব্রাহ্মণবাড়িয়ায় ২৮, নোয়াখালীতে ২৮, চাঁদপুরে ২৫, কক্সবাজারে ১৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে ১২, বান্দরবানে ১০ ও ফেনীতে ৪ জন রয়েছেন।

ক্যাটাগরি