রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয়
কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের খুদে গণিতবিদ আরশি আমিন আফিয়া এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড (IMGO) ২০২৬-এর জাতীয় পর্বে প্রথম স্থান অর্জন করে সে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
মাত্র আট বছর বয়সেই গণিতের জটিল সমস্যা সমাধানে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে একের পর এক সাফল্য অর্জন করছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরশি। সে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী। জাতীয় পর্যায়ে সবার মধ্যে সেরা হয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধার স্বাক্ষর রাখতে প্রস্তুত এই খুদে গণিতবিদ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে আরশির এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে IMGO ২০২৬-এর জাতীয় পর্বে প্রথম স্থান অর্জনের জন্য আরশিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় IMGO ২০২৬ ‘YES Card’, যা তাকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্বে অংশগ্রহণের যোগ্যতা দিয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় IMGO ২০২৬-এর জাতীয় পর্ব। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও জটিল সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হয়। এসব মানদণ্ডে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আরশি।
জাতীয় পর্যায়ের এই সাফল্যের মধ্য দিয়ে এবার বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা তুলে ধরাই এখন তার পরবর্তী লক্ষ্য।
আরশির এই সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবার। তার বাবা নায়েক মো. আল-আমিন একজন বিজিবি সদস্য এবং মা কহিনুর আকতার। পরিবারের দ্বিতীয় সন্তান আরশির নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লধুয়া’য়।
পরিবারের প্রত্যাশা, যথাযথ পরিচর্যা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের দিকনির্দেশনা পেলে আরশি আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।
শিশু বয়স থেকেই গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরশির জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, রামু তথা কক্সবাজারের জন্যও গর্বের বিষয়।
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অপেক্ষায় আরশি আমিন আফিয়া। খুদে এই গণিতবিদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবময় অর্জন আসবে—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।