পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির আয়োজনে নজরুল বর্ষ উদযাপন, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন শিক্ষার্থী সমিতির আয়োজনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সমিতির সভাপতি সহকারী অধ্যাপক রবিউল ইসলাম। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা পরিচালনায় দায়িত্ব পালন করেন সড়াইল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মুকুল এবং আইডিয়াল চিলড্রেন কেয়ার একাডেমির অধ্যক্ষ শাহজালাল দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ আজাদ আলী, পুলক চন্দ্র দাস ও এন্তাজ উদ্দিন, সম্মানিত সদস্য মেজবাহুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজুসহ সমিতির নির্বাহী ও সাধারণ সদস্যরা।
প্রতিযোগিতা শেষে একই দিন দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরিদর্শক প্রফেসর আমিনুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সেক্রেটারি মাহফুজা রাহাত।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাহিত্য-সংস্কৃতিচর্চা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শের প্রতি আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।