লামার ‘উসাইন বোল্ট’ মোশারফ, জাতীয় অ্যাথলেটিকসে একের পর এক পদক জয়
বুড়ির ঝিরির দুর্গম পাহাড়ি জনপদ থেকে জাতীয় অ্যাথলেটিকসের ট্র্যাকে উঠে আসা মোশারফ হোসেন ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার দৌড়ে একাধিকবার প্রথম হয়েছেন; পেয়েছেন সেরা অ্যাথলেটের স্বীকৃতিও।
নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বুড়ির ঝিরি থেকে জাতীয় অ্যাথলেটিকসের ট্র্যাকে নিজের অবস্থান তৈরি করেছেন তরুণ অ্যাথলেট মোশারফ হোসেন। ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার দৌড়ে ধারাবাহিক সাফল্য এবং একাধিক জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিচিতি পেয়েছেন তিনি। স্থানীয়ভাবে তাঁকে অনেকে ডাকেন ‘লামার উসাইন বোল্ট’ নামে।
মোশারফ লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুড়ির ঝিরি এলাকার বাসিন্দা। তিনি কোয়ান্টাম কসমো স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৮ সালে প্রতিষ্ঠানটিতে ভর্তি হয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। নবম ও দশম শ্রেণিতে তাঁর বিভাগ ছিল ব্যবসায় শিক্ষা। শিক্ষাজীবন থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তাঁকে অ্যাথলেটিকসের পথে এগিয়ে নেয়।
মোশারফের ক্রীড়াজীবনে রয়েছে একের পর এক সাফল্য। ২০২৫ সালের ৪৮তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৮০০ মিটার ও ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন তিনি।
একই বছর ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৮০০ মিটার, ১ হাজার ৫০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে প্রথম হন। ওই প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট নির্বাচিত হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।
এরপর ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রথম এবং ৮০০ মিটারে দ্বিতীয় স্থান অর্জন করেন। ১৮তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতায়ও ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রথম হন মোশারফ।
ব্যক্তিজীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে তাঁকে। তাঁর বাবা মো. শহিদুল্লাহ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে প্রায় ছয় মাস অসুস্থ ছিলেন তিনি। বর্তমানে মোশারফ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাথলেটিকসে নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
পাহাড়ঘেরা প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করায় স্থানীয় ক্রীড়াঙ্গনে তাঁকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ ও গর্ব। সংশ্লিষ্টদের মতে, প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান তরুণদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জাতীয় পর্যায়ে আরও ক্রীড়াবিদ উঠে আসবে।
বুড়ির ঝিরি থেকে জাতীয় অ্যাথলেটিকসের ট্র্যাক—মোশারফের এই পথচলা লামার তরুণ প্রজন্মের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।
নজরুল ইসলাম
লামা, বান্দরবান।