রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুবকল্যাণ তহবিলের অনুদান ও যুবঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও দেশের উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে। দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকরাই দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী এবং কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের দক্ষতা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্যসচিব ও যুব সংগঠক ইব্রাহীম হাবিব মিলু, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুব সংগঠক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, চন্দ্রঘোনা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রাব্বি এবং যুবঋণ গ্রহীতা থুইনচিং মারমা। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক, যুবক-যুবতী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা,আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই জাতীয় যুব দিবস উপলক্ষে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভা শেষে যুবকল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান বিতরণ, যুবঋণের চেক হস্তান্তর এবং নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী বসুদেব মল্লিক ও লিপি দাশ।

ক্যাটাগরি