নিরাপদ অভিবাসন আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : জহিরুল ইসলাম
চট্টগ্রামের বাঁশখালীতে অভিবাসনকে অভিযোজনের কৌশল হিসেবে ব্যবহারে সফল উদ্যোগের পথনির্দেশনা শীর্ষক গবেষণা প্রকল্পের ফলাফল অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় গবেষণা প্রকল্পের লক্ষ্য ও গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন রামরুর গবেষণা সহযোগী পারভেজ ভূঁইয়া। গবেষণার মূল ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও রামরুর জ্যেষ্ঠ গবেষণা ফেলো ড. মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, অভিবাসনকে নিরাপদ ও পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে তা মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভিবাসনপ্রত্যাশীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় গবেষণার ফলাফল নিয়ে আলোচনা ও মতবিনিময়ের পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এতে অভিবাসনকে অভিযোজনের কৌশল হিসেবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। রামরুর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপকূলীয় খানখানাবাদ অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।