কাউখালিতে জাতীয় যুব দিবসে র্যালি ও আলোচনা সভা
রাঙামাটির কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, যুব অ্যাসোসিয়েশনের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো রাজিব হোসেনের উপস্থিতিতে র্যালিটি উপজেলা অডিটোরিয়াম থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ঘুরে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা, দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো রাজিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও কাউখালী উপজেলার যুব ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।