কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা,ও আলোচনায় ৫ জন
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের শীলছড়ি বাজারসংলগ্ন রংধনু রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় শীলছড়ি ৯ নম্বর ওয়ার্ড বিএনপির জনাব সভাপতি ভুট্টা , শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ডালিম, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য আকবর খান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আপেল এবং শীলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে পাঁচজনের নাম উঠে আসে। তাঁরা হলেন—কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আহমেদ স্বপন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফাই মারমা, উপজেলা যুবদলের সহসভাপতি চাতোয়াই মারমা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য উথোয়াই চিং মারমা।
সভাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী এই পাঁচজন মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দিয়েছেন। পরবর্তী সময়ে তাঁদের নামের তালিকা বিএনপির জেলা কমিটির কাছে পাঠানো হবে। জেলা কমিটির সিদ্ধান্ত ও বিবেচনার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে বলে সভায় জানানো হয়। সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।