খুলনায় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজন গ্রেপ্তার
মারুফ চৌধুরী পমিন, খুলনা সিটি
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মারুফ চৌধুরী পমিন
খুলনা সিটি রিপোর্টার