বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

অচলাবস্থা কাটিয়ে চুয়েটে ফিরছেন শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৬ দিন স্থবির থাকার পর অবশেষে একাডেমিক কার্যক্রমে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ক্লাস শুরু হয়। পরে ১১টা পর্যন্ত চলে ক্লাস কার্যক্রম।

সরেজমিন গিয়ে দেখা যায়, ১২টি বিভাগের মধ্যে মাত্র একটি ছাড়া অন্য কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ তালবী বলেন, আজকে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রুটিন অনুযায়ী ল্যাব হওয়ার কথা ছিল তবে ল্যাবটি বিভাগ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে স্থগিত করা হয়েছে।

উক্ত বিভাগের প্রধান ফৌজিয়া গুলশানা রশিদ লোপা বলেন, সকাল ৯টায় ক্লাস শুরু হয়েছে। ২১ ও ২২ এবং ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে। তবে অল্প সংখ্যক শিক্ষার্থী এসেছেন। সব ব্যাচেরই ক্লাস হচ্ছে তবে সংখ্যায় কম। এরমধ্যে বেশি উপস্থিত আছেন ২১ ও ২২ ব্যাচের। ক্লাস সবগুলো ব্যাচেরই মোটামুটি হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীরা এখনও আসেননি হয়ত, দুই একদিনের মধ্যে আসতে পারেন তারা।

তবে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরলেও উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি।এদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, একাডেমিক কার্যক্রম চলবে পাশাপাশি চলবে আন্দোলনও।

এদিকে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই প্রতিবাদে নামেন চুয়েট শিক্ষার্থীরা। পরদিন শুরু হয় কমপ্লিট শাটডাউন। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা।

ক্যাটাগরি