মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

বেপজা ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র

ক্রীড়া ডেস্ক | ২৭ অক্টোবর

চট্টগ্রামের সিইপিজেডস্থ বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

হলুদ জার্সি পরিহিত বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নীল জার্সি পরিহিত প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। ম্যাচের প্রথমার্ধে স্ট্রাইকার নেছারুলের গোলে এগিয়ে যায় স্বাগতিক বেপজা। তবে দ্বিতীয়ার্ধে সাইফুল নাজনায়নের গোলে সমতায় ফেরে প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচটি।

এর আগে বিকেলে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় বিনিময়ের মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মো. আশরাফুল আলম।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (যুক্তিবিদ্যা) সৈয়দ মো. মাহাফুজুল আলম, সহকারী অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, সহকারী অধ্যাপক (ইংরেজি) এ.এম.এন. জায়াদ, প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল করিম, সাবেক রেফারি ও বেপজা পাবলিক স্কুলের ক্রীড়া শিক্ষক মো. ফরহাদ হোসেন চৌধুরী, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং বেপজা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নূর মোহাম্মদ সাহেদ ও আকিব জাভেদ।

ম্যাচটি পরিচালনা করেন রেফারি উজ্জ্বল দাশ। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আকিব ও ফারুখ। খেলার ধারাভাষ্য প্রদান ও আলোচনা সভা পরিচালনা করেন মো. লুৎফর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ক্যাপ্টেন (অব.) মো. আশরাফুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তাদের শিক্ষার প্রতি আগ্রহ, মনোবল ও উদ্দীপনা বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের অবসর সময়ে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করা জরুরি।

এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, শৃঙ্খলা ও ক্রীড়ামনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ক্যাটাগরি