কুরুকপাতা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল যুব সংঘ একাদশ
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতায় মহা প্রবারণা উৎসব উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুরুকপাতা যুব সংঘ একাদশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা—দুই পুরস্কারই অর্জন করেছেন জিসান।
আজ বিকেল সাড়ে ৩টায় কুরুকপাতা বাজারসংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কুরুকপাতা যুব সংঘ একাদশ ও কুরুকপাতা ব্যবসায়ী একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একটি গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে যুব সংঘ একাদশ। গত ১১ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন মেনদানপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অহিদ আল ইকরাম। এ ছাড়া জোন সদরের পক্ষে ক্যাম্প জেসিও হিসেবে দায়িত্ব পালনকারী সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাঁরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় চ্যাম্পিয়ন কুরুকপাতা যুব সংঘ একাদশকে ২৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ কুরুকপাতা ব্যবসায়ী একাদশকে ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণ এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।