সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের ২ দিনের কর্মসূচি

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৫ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়।

তিনি বলেন, ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে।

আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। এই পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

জামায়াতের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমীরে জামায়াত। এছাড়া ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে জামায়াতের সব শাখাকে এই দিবস উপলক্ষে উক্ত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘোষিত কর্মসূচি সার্বিকভাবে সফল করতে দেশের কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

ক্যাটাগরি