সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

সিটি গ্রুপেকে ঋণখেলাপি না করার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের

ঋণ পরিশোধে অনিয়মিত হয়ে পড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের প্রায় ২৬ হাজার কোটি টাকার ঋণ আপাতত খেলাপি হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রুপটিকে আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার সকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন, ঋণদাতা কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।

দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা। সম্প্রতি কয়েকটি ব্যাংক এই ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করে আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেয়।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে গত সেপ্টেম্বর পর্যন্ত সিটি গ্রুপের ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত না করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সেই সময়সীমা শেষ হওয়ার পর কয়েকটি ব্যাংক ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করে। এতে গ্রুপটি আরও সংকটে পড়ে। কারণ, একটি ব্যাংকে ঋণ খেলাপি হলে অন্য ব্যাংক থেকেও নতুন করে ঋণ বা বিভিন্ন সুবিধা পাওয়া কঠিন হয়ে যায়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত না নিতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়, যাতে সিটি গ্রুপের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। বরং আর্থিক সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে স্বাভাবিক ব্যবসায় ফেরার সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খানসহ আরও কয়েকটি ব্যাংকের প্রতিনিধি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সিটি গ্রুপ আগে কখনো ঋণ খেলাপি হয়নি এবং গ্রুপটির বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। তাই সবাই চায়, প্রতিষ্ঠানটি বর্তমান সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াক। কেন্দ্রীয় ব্যাংকও ব্যাংকগুলোকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়েছে, যাতে গ্রুপটির পরিস্থিতি আরও খারাপ হয়।

ক্যাটাগরি