খুলনায় ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত
খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ঘরভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।
গত ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার বসুপাড়া শতরূপার মোড়ের বকুল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরভাড়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বাড়িওয়ালা মজলিস খানের লাঠির আঘাতে রকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর (রোববার) সকালে তার মৃত্যু হয়।
ঘটনার পর সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাড়িওয়ালাকে আটক করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।